বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
অনলাইনে তথ্য যাচাই, প্রতারণা ও ফিশিং শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তরুণদের সচেতন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ইয়ুথ ফর পলিসির (ওয়াইএফপি) উদ্যোগে ‘স্থানীয় সচেতনতা ক্যাম্পেইন ২০২৬’ এর অংশ হিসেবে ‘অনলাইনে আপনি কতটা নিরাপদ’ শীর্ষক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
ক্যাম্পেইনে অনলাইনে নিরাপদ থাকার বিভিন্ন উপায়, তথ্য যাচাই, অনলাইন প্রতারণা ও ফিশিং শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। পাশাপাশি অনলাইনে কোনো ঝুঁকির মুখে পড়লে তা শনাক্ত করে নিরাপদভাবে প্রতিক্রিয়া জানানোর বিষয়েও ধারণা দেওয়া হয়।
কর্মশালার প্রশিক্ষক আশিকুল ইসলাম বলেন, “সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট মানুষের বিষয় নয়, এটি এখন প্রত্যেকের দৈনন্দিন জীবনের অংশ। অনলাইনে তথ্য যাচাই, প্রতারণা ও ফিশিং চিহ্নিত করা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো বিষয়গুলোতে তরুণদের সচেতন হওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের শুধু ঝুঁকি সম্পর্কে জানাতে নয়, বরং ঝুঁকি শনাক্ত করে নিরাপদভাবে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করেছি।”
ইয়ুথ ফর পলিসি সাভার কমিটির কো-লিড মাহিব রেজা বলেন, “এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তরুণদের মধ্যে অনলাইন সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আগামী দিনে তরুণরা অনলাইন জগতে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে আরও সচেতন হবে।”
কর্মশালায় অংশ নেওয়া মেহেদী বলেন, “কর্মশালাটি বেশ সময়োপযোগী ছিল। বিশেষ করে ফিশিং, অনলাইন প্রতারণা ও তথ্য যাচাইয়ের বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পেরেছি।”