জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কনসার্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল প্যাডে এ নোটিশ দেওয়া হয়।
শোকজ পাওয়া দুই নেতা হলেন—জবি শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।
নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এ জন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় নোটিশটি দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জবি শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ ও কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।