পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্দোগে ১৮ তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সরকারি টিচার্স ট্রেনিং সেন্টার মাঠে এ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাবিপ্রবি ছাত্রদল।
ছয় শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয় পাবিপ্রবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. তরিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন - "আমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তখনই আমাদের নির্ধারণ করা উচিত,আমরা কী করব। যারা চাকরি করবেন, তাদের প্রতি আমার প্রধান পরামর্শ হচ্ছে, ফার্স্ট ইয়ার থেকেই চাকরির প্রস্তুতি শুরু করবেন।"
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর একটি বিশ্ববিদ্যালয় থেকে জাতির সবচেয়ে বড় প্রত্যাশা থাকে গবেষণা। যারা বড় গবেষক হতে চান, তারা বিদেশে যাবেন, বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেবেন। যারা গবেষক হতে চান, তারা IELTS এবং TOEFL-এর বই কিনবেন এবং প্রতিদিন দুই ঘণ্টা করে পড়বেন। আমি বিশ্বাস করি, আপনারা এক বছরের মধ্যে পৃথিবীর যেকোনো একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পেতে পারেন। কিন্তু শর্ত একটা,ফাঁকিবাজি করা যাবে না। পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই।”
সভাপতির স্বাগত বক্তব্যে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে আগামীতে শিক্ষার্থীদের জন্য আধুনিক,নিরাপদ,মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক কাইয়ুম উল-হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন, সহ সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত। এছাড়াও পাবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীরা ছাত্রদলের এ আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেন।