যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, গত মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা সিরিজ চলাকালে ঘটে যাওয়া একটি ঘটনার তদন্তের মুখে রয়েছেন ৩৬ বছর বয়সি এই ফুটবলার। সে সময় কেপ-ভার্দে চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল এবং দুই ম্যাচেই অধিনায়ক ছিলেন মেন্ডেস।
প্রতিবেদন অনুযায়ী, কেপ-ভার্দে দলের জন্য অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করা এক ব্রাজিলীয় নারী অভিযোগ করেছেন, অকল্যান্ডে দলের হোটেলে একটি সামাজিক অনুষ্ঠান শেষে নিজের কক্ষে ফেরার পর মেন্ডেস সেখানে প্রবেশ করেন। তার আইনজীবীদের দাবি, ওই সময় তাকে জোর করে চুম্বনের চেষ্টা করা হয়। বাধা দিলে তার ওপর হামলা এবং পরে ধর্ষণ করা হয়।
অভিযোগকারী নারীর আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার পর তিনি নিজের শরীরের আঘাতের ছবি তুলে রাখেন। ব্রাজিলে ফিরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ১ এপ্রিল চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান। আরও পড়ুনআরও পড়ুনভোজিনিয়া নাকি মার্তিনেজ, কে এগিয়ে?
তাদের আরও দাবি, ঘটনার পর নিউজিল্যান্ড ফুটবল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কেপ-ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। অভিযোগকারী এখনো মানসিক ট্রমার মধ্যে রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, দেশটির পুলিশ তদন্ত চলার বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে এর বেশি কোনো মন্তব্য করেনি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলে যে কোনো ধরনের অসদাচরণের অভিযোগ তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের অভিযোগ জানানোর জন্য তাদের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং তারা নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করতে চায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে কেপ-ভার্দে ফুটবল ফেডারেশন, মেন্ডেসের ম্যানেজার ও তার এজেন্টের কাছে অভিযোগ নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও বিষয়টি আলোচনায় আসে। কেপ-ভার্দের সংবাদ কর্মকর্তা শুরুতেই জানিয়ে দেন, কোচ পেদ্রো লেইতাও ব্রিতো শুধুমাত্র ম্যাচসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন। এরপরও কয়েকজন সাংবাদিক মেন্ডেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন তুললে সেগুলোর উত্তর দেওয়া হয়নি। এক পর্যায়ে ফিফার একজন কর্মকর্তা সাংবাদিকদের কেবল ম্যাচসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান।
তবে অভিযোগ প্রকাশ্যে আসার পরও মেন্ডেসকে দলের অনুশীলনে দেখা গেছে। দ্য অ্যাথলেটিকের দাবি, দলের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
রায়ান মেন্ডেস কেপ-ভার্দের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। জাতীয় দলের হয়ে তিনি ১০০টি ম্যাচ খেলেছেন, যা দেশটির হয়ে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। একই সঙ্গে তিনিই কেপ-ভার্দের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ক্যারিয়ারে তিনি ফ্রান্স, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলছেন। আরও পড়ুনআরও পড়ুনবিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে
এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে কেপ-ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে একই গ্রুপে থেকেও তারা তিনটি ম্যাচ ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে আরেকটি গোলশূন্য ড্র করে বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
শুক্রবার দিবাগত রাতে শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ-ভার্দে। তদন্ত চলমান থাকলেও এখন পর্যন্ত মেন্ডেসের দলে থাকা বা ম্যাচে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, রায়ান মেন্ডেসের বিরুদ্ধে তদন্ত চলমান। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং আদালতও তাকে দোষী সাব্যস্ত করেননি। ফলে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।