ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের রিডিং রুমে শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আসর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ এসির উদ্বোধন করা হয়।
হল সংসদের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পে পৃষ্ঠপোষকতা করেন হলের অ্যালামনাই সদস্য ও নিশান গ্রুপের কর্ণধার রাশেদুল ইসলাম মাসুদ। নতুন এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা আরও আরামদায়ক ও মনোরম পরিবেশে পড়াশোনার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক শাহ শামীম আহমেদ, পৃষ্ঠপোষক রাশেদুল ইসলাম মাসুদ, মুহসীন হলের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, এজিএস আহমেদ আল সাবাহসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে হলের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা সাইফুল ইসলাম-এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, রিডিং রুমে এসি স্থাপনের ফলে বিশেষ করে গ্রীষ্মকাল ও গরমের সময়ে পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত হবে এবং আরও বেশি শিক্ষার্থী নিয়মিত রিডিং রুম ব্যবহার করতে আগ্রহী হবেন।