পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে যেতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে মাওয়া এভারগ্রীন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৬৬৮) একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
এভারগ্রীন কোম্পানির পরিচালক মো. হারুন মিয়া জানান, ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটির চালক ও হেলপার যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে সব যাত্রীকে নামিয়ে দেন। ফলে কোনো যাত্রী হতাহত হননি। তবে আগুনে বাসটি পুড়ে গিয়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।